স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দিলারা হাফিজের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, অন্যান্য হুইপ সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, তার লাশ আজ রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকা ক্যান্টনমেন্টে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার পৃথক শোকবার্তায় দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানান।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।’
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল।’
বিরোধী দলীয় নেতার শোক
নিজস্ব প্রতিবেদক জানান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তিনি বলেন, দিলারা হাফিজ ইন্তেকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।