লক্ষ্মীপুরে এনডিএফের ইফতার মাহফিল

সংসদে প্রেসিডেন্টের বক্তব্য বয়কট অন্যায়ের বিরুদ্ধে বার্তা : রেজাউল করিম

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে বিরোধী দলের ভূমিকাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, বিরোধী দল অন্যায়-অবিচারকারী দোসর প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাগবাড়ি এলাকার একটি রেস্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের মূল স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এর একটি বাস্তব রূপ রয়েছে মহাগ্রন্থ আল-কুরআনে। অর্থাৎ, কেউ মুসলমান হয়েও অন্যায় করলে কুরআন তাকে সমর্থন করে না; আবার অন্য ধর্মাবলম্বী হয়েও যদি কেউ ন্যায়ের ওপর থাকে, কুরআন তাকে সমর্থন করে। সুতরাং কুরআন সমগ্র মানবজাতির জন্য ন্যায়বিচারের বার্তা বহন করে।

চিকিৎসকদের মানবতার সেবক হওয়ার আহ্বান জানিয়ে ড. রেজাউল করিম বলেন, রমজান আমাদের অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়। আমাদের ঘরে খাবার থাকলেও আমরা রোজার কারণে তা গ্রহণ করি না। এতে আমরা ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করতে পারি। চিকিৎসক হিসেবে আপনাদেরও মানুষের প্রতি মমত্ববোধ, কষ্ট ও বেদনার অনুভূতি জাগ্রত রাখতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংগঠনটির জেলা সভাপতি ডা: মোরশেদ আলম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, ফোরামের উপদেষ্টা অধ্যাপক ডা: জহির উদ্দিন মাহমুদ, সংগঠনটির সেক্রেটারি ডা: সাঈদ আল-মাহফুজসহ অন্য নেতারা।