বাজার সিন্ডিকেট ও ই-কমার্সে প্রতারণা বন্ধের দাবি
Printed Edition
নড়াইল প্রতিনিধি
পণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণে ভেজাল এবং নকল রোধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গত রোববার দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নড়াইল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্যাবের জেলা সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও কৃত্রিম সঙ্কট তৈরীকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অনলাইন ও ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০-২১’-এর কার্যকর বাস্তবায়ন জরুরি। এ ছাড়া পণ্যের ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণামূলক প্রচারণা বন্ধে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ আরো যুগোপযোগী করার ওপর জোর দেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তৃণমূলে সম্প্রসারণের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ ক্যাবের স্থানীয় নেতারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা পণ্যের সঠিক মূল্য ও মেয়াদ স্পষ্ট করার দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করাই হোক এ দিবসের অঙ্গীকার।