চার জেলায় ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
৪ প্রতিষ্ঠানকে জরিমানা, আটক ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট রোধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা, ফরিদপুর, পটুয়াখালী ও হবিগঞ্জে পরিচালিত অভিযানে সাড়ে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দসহ চারটি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোথাও তেল মজুদ করে পাম্প বন্ধ রাখা, কোথাও বা পরিমাপে কারচুপির মতো অনিয়ম ধরা পড়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গায় পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও ‘নেই’ বলে পাম্প বন্ধ রাখায় সুগন্ধা ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে পৌর এলাকার আতাদীতে এ অভিযান চালান ম্যাজিস্ট্রেট সাদরুল আলম। সরেজমিন ট্যাংক ভর্তি তেল পাওয়ার পর মালিককে জরিমানা ও দ্রুত বিক্রির নির্দেশ দেয়া হয়। পাম্পটি বন্ধ রাখায় সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছিলেন। প্রশাসন জানায়, কৃত্রিম সঙ্কট রোধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চলবে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। জেলার ২৯টি পাম্পে চাহিদার মাত্র তিন ভাগের এক ভাগ তেল সরবরাহ করা হচ্ছে। শায়েস্তাগঞ্জের চৌধুরী ফিলিং স্টেশনে প্রতিদিন ১৪ হাজার লিটার ডিজেলের চাহিদার বিপরীতে মিলছে মাত্র সাড়ে চার হাজার লিটার। ফলে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করেও সামলানো যাচ্ছে না। পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক স্টেশন ম্যানেজার আশঙ্কা করছেন, বর্তমান মজুদ শেষ হয়ে গেলে যেকোনো সময় জেলার পাম্পগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা (আলমডাঙ্গা) সংবাদদাতা জানান, আলমডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কেনাবেচার সময় একটি তেলবাহী লরি-সহ চারজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল ও পেট্রল। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় মাঝেরপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে লরি চালক আলী হোসেন (৫৩), একই এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৪৫), দামুড়হুদা উপজেলার পীরপুর মাঝের পাড়ার সানোয়ার হোসেনের ছেলে রাহেন আলী (২৮) ও আলমডাঙ্গা কয়রাডাঙ্গার শামসুল ইসলামের ছেলে তেল গ্রহীতা টিটন আলী (৩৭)। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, অভিযানে মোট দুই হাজার ৮০০ লিটার ডিজেল এবং আট হাজার ৭০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে।
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, গলাচিপায় অবৈধভাবে পরিবহনের সময় দুটি ট্রলার থেকে প্রায় দুই হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গত রোববার রাতে ট্রলারঘাট এলাকায় যৌথ অভিযানে নেতৃত্ব দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন। অভিযানে ‘মেসার্স দুই বোন এন্টারপ্রাইজ’ থেকে ১৬০০ ও ‘মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ’ থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। মালিকপক্ষ পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ডিজেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তা সরকারি কোষাগারে জমা হবে।