গণভোটের রায় ও জুলাই সনদ মেনে নেয়া উচিত : ড. বদিউল আলম
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দেশের জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে যে রায় দিয়েছে সেই রায়কে সবারই মেনে নেয়া উচিত। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।
তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত আপিল বিভাগের রায় নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল চেম্বার বিল্ডিং এ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ড. বদিউল আলম মজুমদার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ১৫ মার্চ প্রকাশ করা হয়েছে। এ রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় আইনজীবী শরিফ ভূঁইয়াও বক্তব্য রাখেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি গণভোটের রায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে জনগণের রায় প্রাপ্ত জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছি। তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু,তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কিভাবে দেখব তা নির্ভর করবে দু’টি জিনিসের ওপর। একটা হলো, পঞ্চদশ সংশোধনীর মামলার রায়। তারা কী রায় ও পর্যবেক্ষণ দেন। দ্বিতীয়টা হলো, জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে। গণভোটে যে পাস হয়েছে ৪৮টা বিষয় তার ওপর।
এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, এটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করতে পারি। আশা করি, রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা নেবে। অতীতের ভুলগুলোর আর পুনরাবৃত্তি হবে না। তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। জনরায়ের মাধ্যমে যে বিষয়টা চূড়ান্ত হয়ে গিয়েছে সেটা নিয়ে আমরা যেন বিতণ্ডা না করি। এটা নিয়ে জটিলতা সৃষ্টি না করি। এটা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না।
সুজনের প্রধান নির্বাহী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে; সংবিধান সংস্কার পরিষদে। এটার ব্যাপারে জনগণ রায় (গণভোট) দিয়েছে। এখানে (জুলাই জাতীয় সনদ) যে পদ্ধতি বলা আছে সেটাই চূড়ান্ত হবে বলে আশা করি। এটাই আমার আকাক্সক্ষা। তিনি বলেন, গণভোটে যেটা পাশ হয়েছে সেটাই শেষ কথা। তিনি বলেন, গণভোটে যে ৪৮টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে। জনগণ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে।
গণভোটের ফলাফলের ভবিষ্যৎ কী? এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম তখন বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিলেন। আমরা আশা করি, জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।
আইনজীবী শরিফ ভূঁইয়া বলেন, দলীয় বিচারকদের মাধ্যমে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ত্রয়োদশ সংশোধনী নিয়ে জনবিরোধী রায় দিয়ে স্বৈরশাসন ব্যবস্থার ভিত গড়া হয়েছিল। ত্রয়োদশ সংশোধনী রিভিউ মামলার রায়ের মাধ্যমে তা আবারো জন প্রত্যাশা পূরণ হয়েছে।