ডেঙ্গু সংক্রমণ ৯০ ভাগ কমানো সম্ভব

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: সেখ ফজলে রাব্বি বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এডিস মশার বংশবিস্তার রোধ করার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব। এ জন্য আমাদের নিজ নিজ কর্মস্থল, বাড়িঘর ও আঙিনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। নর্দমায়, নোংরা ও ময়লা পানিতে এডিস মশা ডিম পারে না। হাসপাতাল, ঘর ও আশপাশের যেকোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়।

গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ও র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু সংক্রমণ ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা: মো: একরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা: লুৎফুর কবির শিমুল, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা: রওশন আরনা শিমুল, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আশিক আমান, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা: মঈনুল আহসান প্রমুখ।