বুড়িচংয়ে টেন্ডার ছাড়াই গাছ বিক্রি

কাটতে গিয়ে শ্রমিক নিহত

Printed Edition

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাতের আঘাতে মোস্তাক মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ টেন্ডার ছাড়াই অবৈধভাবে স্থানীয় কনু মিয়ার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার কনু মিয়া চুক্তিভিত্তিক তিন শ্রমিক, মোস্তাক, জসিম ও সুমনকে গাছ কাটার কাজে নিয়ে যান। গাছে উঠে ইলেকট্রিক করাত দিয়ে ডাল কাটছিলেন মোস্তাক। একপর্যায়ে করাত ছিটকে গিয়ে তার গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক নিজ ক্ষমতায় গাছটি বিক্রি করেছেন।