যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেয়ার দাবি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় আগামী জুনের ১১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ফুটবলের মেগা আসর বিশ্বকাপ। এই মেগা আসরে অংশগ্রহণের জন্য টানা চতুর্থবারের মতো যোগ্যতা অর্জন করেছে ইরান। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার কারণে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ইরান ফুটবল দল। ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সেই হুমকির পাল্টা জবাব দিয়েছে পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইচ্ছা করে তাদের বিশ্বকাপের বাইরে রাখতে পারবে না। সেই সাথে যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা।

প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সামরিক হামলার মধ্যেই গত বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এখানে আসা উচিত।

ট্রাম্পের এ মন্তব্যের জবাব দিয়েছে ইরানও। তাদের ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি ও সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে।’

‘কেউ ইচ্ছা করলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’