চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ
চমেক হাসপাতালে ২০ ঘণ্টার কর্মবিরতি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
শরীয়তপুরে চিকিৎসক ডা: নাসিরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ২০ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। সোমবার বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়, যা আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চলবে।
ইন্টার্ন চিকিৎসক নেতারা জানান, চিকিৎসক শূরা আইন বাস্তবায়ন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং হাসপাতালের ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি না করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরে এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালক বরাবর প্রদান করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালগুলোতে জনবল ও শয্যার তুলনায় ৬-৭ গুণ বেশি রোগী ভর্তি থাকে। ফলে একজন চিকিৎসককে গড়ে ৫০-৬০ জন রোগী সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রশাসনিক ঘাটতির কারণে এর দায় চিকিৎসকদের ওপর বর্তালেও তারা প্রায়ই হামলার শিকার হন। এই অনিরাপদ পরিস্থিতিতে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া অসম্ভব বলে মন্তব্য করেন তারা। তবে মানবিক কারণে জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।
এদিকে একই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে চমেক হাসপাতালের গোল চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।