দেশের বাজারে পরবর্তী প্রজন্মের এআই ল্যাপটপ আনল আসুস
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
‘অলওয়েজ ইনক্রেডিবল’ থিম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের তৈরি পরবর্তী প্রজন্মের জেনবুক ডুও, জেনবুক ১৪, জেনবুক এস-১৬ এবং ভিভোবুক-১৬ মডেলের এআই ল্যাপটপ উন্মোচন করেছে আসুস বাংলাদেশ। অনুষ্ঠানে আসুসের এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো ক্ষণস্থায়ী প্রবণতা বা বুদবুদ নয়; বরং এটি ইতোমধ্যেই পৃথিবীর সাথে আমাদের মিথষ্ক্রিয়ার ধরন বদলে দিয়েছে। আসুসের লক্ষ্য কেবল এআই সক্ষম প্রসেসর সমৃদ্ধ কম্পিউটার বিক্রি করা নয়; বরং ব্যবহারকারীরা যেন তাদের দৈনন্দিন জীবনে প্রকৃত এআই অভিজ্ঞতার মাধ্যমে কাজকে আরো সহজ ও কার্যকর করতে পারেন, তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুই পর্দার আসুস জেনবুক ডুও। ১৪ ইঞ্চি ৩-কে ওএলইডি স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপটিতে দু’টি পর্দার আকার প্রায় ২০ ইঞ্চি হওয়ায় বড় পর্দায় কাজ করার সুবিধা পাওয়া যায়। পেশাদার প্রোগ্রামার ও কনটেন্ট নির্মাতাদের উপযোগী ল্যাপটপটির দাম ধরা হয়েছে চার লাখ ৮২ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে আভিজাত্য আর বহনযোগ্যতার চমৎকার সমন্বয় দেখা গেছে জেনবুক-১৪ ওএলইডি মডেলে। মাত্র ১ দশমিক ২ কেজি ওজনের এই ল্যাপটপ ভ্রমণপিপাসু পেশাজীবীদের জন্য আদর্শ, যা দীর্ঘ ১৫ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ নিশ্চিত করে। ল্যাপটপটির দাম ধরা হয়েছে এক লাখ ৫৩ হাজার টাকা।
জেনবুক এস-১৬ ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ‘সেরালুমিনিয়াম’, যা অ্যালুমিনিয়াম ও সিরামিকের মিশ্রণে তৈরি। দুই লাখ ৫৬ হাজার টাকা দামের ল্যাপটপটিতে এএমডি রাইজেন এআই প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সাধারণ শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য এক লাখ ২৯ হাজার টাকা দামের ভিভোবুক-১৬ মডেল এনেছে আসুস।