পুলিশের সাথে মোহামেডানের ড্র

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

  • মোহামেডান ১-১ পুলিশ
  • রহমতগঞ্জ ৩-০ ইয়ংম্যান্স

নতুন কমিটি মোহামেডানের দায়িত্বে। তবে এই নতুন কমিটিকে জয় উপহার দিতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। গতকাল বাংলাদেশ ফুটবল লিগে বাংলাদেশ পুলিশ দলের বিপক্ষে ম্যাচ ছিল সাদাকালো শিবিরের। তবে ম্যাচে জিততে পারেনি ঐতিহ্যবাহী দলটি। পিছিয়ে পড়েও অবশ্য ড্র করতে পেরেছে। তাদের এই ব্যর্থতার দিনে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তারা মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৩-০ গোলে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে পুরান ঢাকা দলটি। আর ড্র করে আলফাজ আহমেদের দল মোহামেডানের অবস্থান ৬ নাম্বারেই। তাদের ভান্ডারে জমা পড়েছে ১১ খেলায় ১১ পয়েন্ট। রহমতগঞ্জও ১১ খেলা শেষ করেছে। কাল এক পয়েন্ট পেয়ে ঢাকা আবাহনীর পাশে চলে এসেছে পুলিশ। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। যদিও পুলিশ ১১ খেলা শেষ করেছে। আবাহনীর আজ ১১তম ম্যাচ।

কুমিল্লার মাঠে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে পুলিশকে এগিয়ে নেন ব্রাজিলের পাওলো সান্তোস। অবশ্য সাদা কালোরা ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। ৪২ মিনিটে উজবেকিস্তানের মুজাফফরজান মোজাফফরভ গোল করে খেলায় ফেরান দর্শক প্রিয় দলকে।

মুন্সীগঞ্জের মাঠে দুই আফ্রিকান ও স্থানীয় রফিকুলের গোলে ৩-০তে জয় কামাল বাবুর দলের। ৩৯ মিনিটে গাম্বিয়ার সলোমন কিং এগিয়ে নেন রহমতগঞ্জকে। ৭২ মিনিটে রফিকুল ব্যবধান দ্বিগুণ করেন। আর ৮৪ মিনিটে ঘানার আর্নেস্ট বোয়েটাংয়ের গোলে ৩-০তে জয় নিশ্চিত হওয়া। হারের ফলে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইয়ংম্যান্স।