বাঘাইছড়িতে বিজিবির অভিযানে পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় বিশেষ অভিযানে বিদেশী পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ২৭ বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন জিপতলী ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি ৭.৬৫ বোর বিদেশী ব্রাউনিং পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও খালি খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, চাইনিজ চাপাতি, দা, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।