দ্বিতীয় মেয়াদের শততম দিন উদযাপন ট্রাম্পের
Printed Edition
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শততম দিন প্রচারণার মতো বক্তব্য দিয়ে, নিজের সাফল্যের কথা তুলে ধরে এবং রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করে উদযাপন করেছেন। মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে এক সমাবেশ আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন ট্রাম্প ও তার সমর্থকরা। সমাবেশে নিজের সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি তার ক্ষমতাকে ‘গভীর পরিবর্তন’ আনার জন্য ব্যবহার করছেন। তিনি একে ‘কাণ্ডজ্ঞানের বিপ্লব’ বলে অভিহিত করেছেন।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট পূর্বসূরি জো বাইডেনকে উপহাসের পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে নতুন সমালোচনার লক্ষ্যস্থল করেছেন এবং তার ‘জনপ্রিয়তা হ্রাস’ পাচ্ছে আভাস দেয়া জরিপগুলো খারিজ করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে আনতে সফলতা দেখিয়েছেন; কিন্তু তিনি বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু করায় মার্কিন অর্থনীতি একটি সম্ভাব্য রাজনৈতিক দুর্বলতার শিকার হচ্ছে।
ডেট্রয়েটের নিকটবর্তী শহর ওয়ারেনের সমাবেশে তিনি বলেন, ‘আমরা মাত্র শুরু করেছি। আপনারা এখনো কিছুই দেখেননি।’ যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি শিল্পের এই কেন্দ্রে রাখা বক্তব্যে ট্রাম্প বলেন, মিডওয়েস্টান অঙ্গরাজ্যগুলোতে নতুন কারখানা খোলার জন্য মোটরগাড়ি কোম্পানিগুলো ‘লাইন ধরেছে’। ওই দিন এর আগে তার অর্থনৈতিক পরিকল্পনার একটি প্রধান অংশ বিদেশী গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর আরোপিত শুল্ক কিছুটা হ্রাস করেন। গাড়ির দাম বৃদ্ধির বিপদ নিয়ে মার্কিন গাড়ি নির্মাতাদের হুঁশিয়ারির পর তিনি এ পদক্ষেপ নেন।