২৫ জুলাই এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি
Printed Edition
আগামী ২৫ জুলাই টার্গেট নিয়ে এবারের এসএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে উত্তরপত্র ও শিক্ষার্র্থীদের নম্বরের ওএমআর শিট শিক্ষা বোর্ডে আসতে শুরু হয়েছে। আশা করা হচ্ছে ঈদের ছুটির পর বেশির ভাগ উত্তরপত্র বোর্ডে এসে জমা হবে। তবে যেসব পরীক্ষা প্রথম দিকে হয়েছে সেগুলোর উত্তরপত্র ও নম্বরের ওএমআর শিট ঈদের আগেই জমা হয়েছে। যেহেতু এবারের এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়গুলো দীর্ঘ এক মাস সময় ধরেই অনুষ্ঠিত হয়েছে কাজেই শেষ দিকে যেসব পরীক্ষা নেয়া হয়েছে, সেগুলোর উত্তরপত্র বোর্ডে আসতে কিছুটা দেরি হবে। আর ব্যবহারিক পরীক্ষার নম্বর পরীক্ষকদের মাধ্যমে সরাসরি বোর্ডে এসে জমা হবে।
যদিও চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের জন্য অপেক্ষায় রয়েছেন ১৯ লাখ পরীক্ষার্থী। অবশ্য ইতোমধ্যে তারা জেনে গেছেন যে, তাদের ফল জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। কেননা বিধান অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এখন সেই অনুযায়ী ফল তৈরির কাজ চলছে। গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে এগোচ্ছি। আমাদের কর্মপরিকল্পনা সে রকমই এগিয়ে চলছে। তিনি বলেন, গত ১৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। আর ২২ মে প্র্যাকটিক্যাল শেষ হয়েছে। সে অনুযায়ী জুলাইয়ে অবশ্যই ফল দেয়া হবে। তিনি বলেন, অভিভাবকদের অনেকেই শুধু লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা কবে শেষ হয়েছে এ হিসাবটি করেন। মনে রাখতে হবে ব্যবহারিকও তো একটা পরীক্ষা। সব পরীক্ষা শেষের পরে আমাদের বোর্ডের প্রধান কাজ হলো ফল তৈরি করা। সেটি গত ২৫ মে থেকে আমরা শুরু করেছি। তিনি বলেন, এবার পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, আর ২২ মে সব পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ী দুই মাস অর্থাৎ জুলাইয়ের ২৫ বা শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা আশাবাদী। ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়ন হয়ে নম্বর আসা শুরু হয়েছে।
পরীক্ষা শুরুর দিনে দুই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। দুই মাসের ভেতর ফলাফল দেয়ার একটি রেওয়াজ আছে, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, যদি রেওয়াজ থেকে থাকে, তবে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করব দুই মাসের মধ্যেই ফল প্রকাশের।
উল্লেখ্য, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়েছিল। এ পরীক্ষা শেষ হয় (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন। এরপর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।