বিএফইউজে-ডিইউজের ইফতারে নেতারা
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে হবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে তারা এ মন্তব্য করেন।
ইফতারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পার্লামেন্টে আমরা নতুন গণতন্ত্রের কথা চিন্তা করছি। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো। পাশাপাশি সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব বলেও তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল আহ্বান করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই, যারা লিবারেল ডেমোক্র্যাসিতে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে গণতান্ত্রিক ও উদারপন্থী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যমকে প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, আমরা সবসময় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। পাশাপাশি ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপরে চড়াও না হওয়ার কথাও বলেছেন তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এ তিনের সমন্বয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে ওঠে। দীর্ঘদিন দেশে ফ্যাসিবাদী শাসনের কারণে গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারেনি। আমরা প্রত্যাশা করি এখন যেন গণমাধ্যম তাদের প্রকৃত পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারে। একই সাথে বিএফইউজে-ডিইউজের যে ট্রেড ইউনিয়নের কার্যক্রম সেটি ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠভাবে পালন করতে পারে সে প্রত্যাশা করি। জামায়াত সব সময় সাংবাদিকদের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে জামায়াত সেক্রেটারি সিয়ামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তার ভেতরের কুপ্রবৃত্তি দূর করতে পারে। মূলত মুত্তাকি হওয়ার একটি উপায় হলো সিয়াম সাধনা। তিনি পবিত্র রমজানে সবাইকে আত্মসুদ্ধির এ সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে পরিশুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খানও বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সেক্রেটারি আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, সাবেক সেক্রেটারি বাকের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।