নতুন জরিপ
গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ৮২ শতাংশ মার্কিনি
Printed Edition
পিবিএস নিউজ
স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের মধ্যেই যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক গভীর উদ্বেগজনক চিত্র উঠে এসেছে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ম্যারিস্ট কলেজের পরিচালিত নতুন এক যৌথ জরিপে। এনপিআর ও পিবিএস নিউজের যৌথ অর্থায়নে পরিচালিত এই জরিপে দেখা গেছে, অংশ নেয়া প্রতি ১০ জনের ৮ জন অর্থাৎ ৮২ শতাংশ আমেরিকানই মনে করছেন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে মারাত্মক হুমকির মুখে, যা গত ফেব্রুয়ারির জরিপে ছিল ৭৮ শতাংশ।
এ ছাড়া দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাত্র ২২ শতাংশ আমেরিকান গর্ববোধ করার কথা জানালেও ৩২ শতাংশ চরম উদ্বেগ এবং ২২ শতাংশ গভীর হতাশা প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপাবলিকানদের ৯৩ শতাংশ বর্তমান যুক্তরাষ্ট্র নিয়ে গর্ব প্রকাশ করলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ৪৫ শতাংশ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের কোনো স্পষ্ট আভাস দেখছেন না ৬৫ শতাংশ ডেমোক্র্যাট ও ৬২ শতাংশ স্বতন্ত্র ভোটার। জরিপের আরো একটি আশঙ্কাজনক দিক হলো, অংশ নেয়া ৮৩ শতাংশ মানুষের মতে যুক্তরাষ্ট্র তার প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতি-নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে পড়েছে, যার বিপরীতে মাত্র ১৬ শতাংশ মনে করেন দেশ এখনো আগের মূল্যবোধ ধরে রেখেছে।