বরিশালে ভবনে বিস্ফোরণ, বাবা-ছেলে গুরুতর আহত
Printed Edition
বরিশাল ব্যুরো
বরিশালে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। বাবার অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে ভবনের দু’টি ইউনিট। প্রতিবেশী ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সাগরদীর দরগাহবাড়ি পুলসংলগ্ন তালুকদার ভিলার নিচ তলায় এ ঘটনা ঘটে। পুলিশ, বাড়ির মালিক ও স্থানীয়রা জানান, আধা কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিন তলা ভবনের নিচ তলার মানিক চন্দ্র শিলের ভাড়াটিয়া ইউনিটে বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন ছুটে যায়। আদেরকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হয়। তবে সিলিন্ডার দু’টি অক্ষত ছিল।
স্থানীয়রা বিস্ফোরণের বিষয়টিকে রহস্যজনক বলে জানিয়েছেন। বাড়িওয়ালা সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি।
তবে পুলিশ প্রাথমিকভাবে গ্যাস লিকেজ হতে পারে বলে ধারণা করছে। আর মানিক চন্দ্র শিলের স্ত্রীও বলেছেন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক জনান, মানিকের শরীরের ৭৫ ভাগ পুড়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।