পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ দিনে আটক ৪১৫

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত চার দিনের এই ধারাবাহিক অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪১৫ জনকে আটক করা হয়েছে। নগরের জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এসএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত অভিযানে ৬৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয়জন চিহ্নিত ছিনতাইকারী এবং সাতজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০২ বোতল বিদেশী মদ, ১২৫ পিস ভারতীয় ফেসওয়াশ, ১৪৬ পিস মেহেদী এবং ৫২৫ পিস ভারতীয় চকোলেট। এ ছাড়া মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেয়া তথ্যানুযায়ী, গত ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অভিযানে ৮ মার্চ প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪০ জনকে আটক করা হয়। ৯ মার্চ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে আটক করা হয়। ১০ মার্চ পরোয়ানাভুক্ত আসামিসহ আটক হন ৫৬ জন। ১১ মার্চ ছিনতাইকারী ও চোরাচালানকারীসহ ৭১ জনকে আটক করা হয়। ১২ মার্চ সর্বশেষ ২৪ ঘণ্টায় আটক হয়েছেন ৬৬ জন।

এই চার দিনে আটক ৪১৫ জনের মধ্যে যেমন দুর্ধর্ষ অপরাধী রয়েছে, তেমনি সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরি করা এবং মেট্রোপলিটন অধ্যাদেশ লঙ্ঘন করা ব্যক্তিরাও রয়েছেন। পুলিশের দাবি, অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতেই এই ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট নগরীকে অপরাধমুক্ত রাখতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। বিশেষ করে ছিনতাই ও মাদক নির্মূলে প্রতিদিন অভিযান জোরদার করা হচ্ছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট নগরীর বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম আগের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।