ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি
Printed Edition
এএফপি
ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের ‘ইউক্রেনের জন্য সময় নেই’। মঙ্গলবার জার্মান সম্প্রচারমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি মার্কিন অস্ত্র সরবরাহে বিঘœ ঘটার বিষয়েও উদ্বেগ জানান তিনি।
জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জেডডিএফকে জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অবসানে মস্কোর সাথে আলোচনায় মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জেরেড কুশনার এই মুহূর্তে ‘ইরানের সাথে ধারাবাহিক আলোচনায়’ ব্যস্ত।
জেলেনস্কি তাদেরকে ‘বাস্তববাদী’ আখ্যা দিয়ে বলেন, ‘তারা যুদ্ধ শেষ করার লক্ষ্যে পুতিনের আরো মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন।’ তবে ‘যুক্তরাষ্ট্র যদি পুতিনের ওপর চাপ সৃষ্টি না করে এবং শুধু রাশিয়ার সাথে নরম সুরে আলোচনা চালিয়ে যায়, তাহলে তারা আর ভয় পাবে না’ বলেও সতর্ক করেন তিনি।
মার্চের শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সঙ্ঘাত অবসানে মার্কিন নেতৃত্বাধীন আলোচনা থমকে আছে। ফেব্রুয়ারিতে জেনেভা বৈঠকের পর রুশ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে আর কোনো বৈঠক হয়নি। জেলেনস্কি জানান, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের বিষয়টিও বড় ধরনের বাধার মুখে পড়েছে।