বগুড়া ও খুলনায় ইল্লিয়িনের মাল্টি-ব্র্যান্ড স্টোর
Printed Edition
বিনোদন প্রতিবেদক
উত্তরবঙ্গের বগুড়া এবং দক্ষিণাঞ্চলের খুলনা শহরে নিজস্ব মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়িন। দেশজুড়ে ব্র্যান্ডটির কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি শহর দু’টিতে নান্দনিক ডিজাইনের এই রিটেইল স্টোরগুলোর উদ্বোধন করা হয়।
বগুড়ার শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজা এবং খুলনার সোনাডাঙ্গার মজিদ সরণির টপি টাওয়ারে অবস্থিত নতুন এই স্টোরগুলোতে ক্রেতাদের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের শপিং অভিজ্ঞতা। স্টোরগুলোর উদ্বোধন উপলক্ষে সম্প্রতি বগুড়ায় ৮ থেকে ১২ মার্চ এবং খুলনায় ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিশেষ গ্র্যান্ড ওপেনিং আয়োজন করা হয়।
নতুন এই আউটলেটগুলোতে ইল্লিয়িনের লাক্সারি মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজের বিশাল কালেকশন পাওয়া যাচ্ছে। আধুনিক স্থাপত্যশৈলী ও সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনের সমন্বয়ে তৈরি স্টোরগুলোতে ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ইন-স্টোর আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইল্লিয়িনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সেলস অপারেশন্স ম্যানেজার আবু আদম বলেন, ‘বগুড়া ও খুলনার ফ্যাশন সচেতন ক্রেতাদের রুচির কথা মাথায় রেখেই আমরা এই স্টোরগুলো সাজিয়েছি। এটি কেবল একটি রিটেইল আউটলেট নয়; বরং গ্রাহকদের সাথে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্কের নতুন একটি মাইলফলক।’ প্রতিষ্ঠানটি জানিয়েছে, বগুড়া ও খুলনায় নতুন এই স্টোর চালুর মাধ্যমে দেশব্যাপী গ্রাহকদের কাছে প্রিমিয়াম ফ্যাশন অভিজ্ঞতা পৌঁছে দেয়ার লক্ষ্য আরো জোরদার হলো। সব ফ্যাশন অনুরাগীকে স্টোরগুলোতে আমন্ত্রণ জানিয়েছে ইল্লিয়িন কর্তৃপক্ষ।