৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জামায়াত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। ওই দিন ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে বলে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন।

জুলাইযোদ্ধাদের নিয়ে মনোনয়নপত্র জমা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা: এস এম খালিদুজ্জামান। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার পুরো কার্যক্রমে তার সাথে ছিলেন জুলাইযোদ্ধারা। এ সময় জুলাইযোদ্ধারা তার পক্ষে ভোট প্রত্যাশা করেন। তারা জানান, কোনো দলীয় পরিচয়ের জন্য নয়; বরং ডা: খালিদুজ্জামানের কাজ, সততা ও মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টার কারণেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জনগণের সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন। জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার অনেক আগে থেকেই নীরবে ও নিষ্ঠার সাথে ঢাকা-১৭ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ডা: এস এম খালিদুজ্জামান।

গতকাল ঢাকার সেগুন বাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জুলাইযোদ্ধাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ডা: খালিদুজ্জামান। তার আগের দিন ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে জুলাইযোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়নপত্র তোলেন জামায়াতের এ প্রার্থী।