সুখরঞ্জন বালি গুমের মামলায় সাবেক এএসপি ফজলুর কারাগারে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর চাক্ষুষ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচারিক শুনানি শেষে এই আদেশ দেন। সেই সাথে আগামী ২৩ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
এর আগে গত ২ জুলাই রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেফতার করেছিল পুলিশ। ট্রাইব্যুনালে ছুটির প্রথাসিদ্ধ কারণে তখন তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। গতকাল ট্রাইব্যুনাল কার্যক্রমে ফিরলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানেই ২০১২ সালে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছিল।
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকে ‘নিখোঁজ’ হন সুখরঞ্জন বালি। পরে তার ভারতের কারাগারে বন্দী থাকার তথ্য প্রকাশ্যে আসে।
ভারতে প্রায় পাঁচ বছর অবৈধভাবে কারাবাস শেষে দেশে ফিরে গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন সুখরঞ্জন বালি। ওই অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করে গুম, অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়।
আসামি হচ্ছেন মাধবদীর সাবেক মেয়র মানিক
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসিকিউশন জানায়, নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এখনো চলমান। তদন্তে মানিকের সম্পৃক্ততা উঠে এসেছে। বর্তমানে তিনি অন্য মামলায় গ্রেফতার থাকায় তার বিরুদ্ধে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করবে প্রসিকিউশন। আবেদন মঞ্জুর হলে তাকে হাজিরের নির্দেশ দেবেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ও রবিউল ইসলাম।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারো গুলি করা হয়। ওই সময় আরো একজন নিহত হন। এছাড়া গণ-অভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও বহু মানুষ আহত হন।
২০২৫ সালের ২৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মানিককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে দু’টি হত্যাসহ আরো মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপন ছিলেন।