গোয়ালন্দে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে এক হাজার ৮০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে মো: নান্নু মৃধা নামে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আট হাজার টাকা জরিমানা করা হয়। নান্নু মৃধা ওই হাটের ‘নান্নু স্টোর’-এর স্বত্বাধিকারী।

অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসির হাসান খান।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নান্নু স্টোরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেই গুদাম থেকে মোট এক হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আট হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মজুদ রাখা তেল দ্রুত বিক্রি করে দেয়ার নির্দেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট বা কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।