লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
Printed Edition
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন, শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
লক্ষ্মীছড়ি জোন সূত্রে জানায়, শীতকালীন দুর্ভোগ লাঘব, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তার উদ্দেশ্যে এ মানবিক সহায়তা কার্যক্রম (এইডিপি) বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গত রোববার ইন্দ্রসিংপাড়া এলাকার শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষদের মাঝে মোট দুই শ’ কম্বল বিতরণ করে সেনাবাহিনী।
একই দিনে স্থানীয় জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীছড়ি জোনের ব্যবস্থাপনায় একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে মোট ৩৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রায় ৪৫ হাজার ৫৬৭ টাকা মূল্যের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সাথে স্থানীয় ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।
লক্ষ্মীছড়ি জোনের দায়িত্বশীল সূত্র আরো জানায়, পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়; পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন সাধনই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কাজ। শান্তিশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
দিনব্যাপী এ মানবিক কাজে উপস্থিত ছিলেন মেজর মীর মোহাম্মদ ফাহ্দ বিন আসাদ, ক্যাপ্টেন আসিফ মোস্তফা জীম, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: সাব্বির হোসেন প্রমুখ।