জিয়ার স্বাধীনতার ঘোষণায় দিকভ্রান্ত জাতি সঠিক দিকনির্দেশনা পেয়েছে : ড. মোশাররফ

Printed Edition

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকভ্রান্ত বাঙালি জাতিকে সঠিক দিকনির্দেশনা প্রদান করেছেন। তার এই ঘোষণাটি মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ ও সশস্ত্রবাহিনীর মধ্যে বড় ধরনের অনুপ্রেরণা এবং সাহস যুগিয়েছে। প্রতিরোধ যুদ্ধের পথ প্রশস্ত করেছে।

গত বৃহস্পতিবার দাউদকান্দি ও গৌরীপুরে উপজেলা এবং পৌর বিএনপির স্বাধীনতা দিবসের পৃথক দু’টি আলোচনা সভায় ড. খন্দকার মোশাররফ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ জিয়া রাষ্ট্রপতির দায়িত্বে এসে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি বহুদলীয় গণতান্ত্রিক, স্থিতিশীল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন।

সকালে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে- দাউদকান্দি উপজেলার বিশ্ব রোডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মীরা ফুল দিয়ে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

দলীয় নেতাকর্মী ও সমর্থকগণ দাউদকান্দি বিশ্বরোডে আবিদ প্লাজার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

বিএনপি নেতা এ কে এম শামসুল হক, আলহাজ আবুল হাশেম, এম এ লতিফ ভূঁইয়া, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, এনামুল হক সফর তালুকদার, নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।