আগৈলঝাড়ায় পুলিশের নামে স্বেচ্ছাসেবক দল নেতার টাকা আদায়

Printed Edition

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ার এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার কারণে পুলিশের নাম করে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের দুবাই প্রবাসী আ: ছালাম দেওয়ানের স্ত্রীর সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া চলে আসছিল কালাম দেওয়ানের ছেলে সৌরভ দেওয়ানের। এ ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিস-মীমাংসা হয়েছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী সুমন নামে এক ছেলে সাথে ভিডিও কলে কথা বলেন। যার কারণে আগের পরকীয়া প্রেমিক সৌরভ দেওয়ান প্রবাসীর স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ওই ফোনে থাকা প্রবাসীর স্ত্রীর কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেন অভিযুক্ত সৌরভ দেওয়ান। এ ঘটনা আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানার পর এসআই মনিরুজ্জামান, তুলসী সেন, সৌমেন বিশ্বাসকে গত বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সাথে কথা বলে থানায় চলে আসে। পরে পুলিশকে ম্যানেজের কথা বলে ওই প্রবাসীর পরিবারের কাছ থেকে বুধবার রাতে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা ও লুৎফর তালুকদার পাঁচ হাজার টাকাসহ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবকদলের নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান বলেন, ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে কোনো টাকা নেইনি। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে।