সেরা সাতে মিরাজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের পর আইসিসির হালনাগাদ ওয়ানডে খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মিরাজ। পুরো সিরিজে পাঁচটি উইকেট নেয়ার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে দলকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তিন ম্যাচেই মিতব্যয়ী বোলিং করেন মিরাজ। ইকোনমি রেট ছিল দারুণ। এই পারফরম্যান্সের ফলে আইসিসির র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। একই সাথে অলরাউন্ডারদের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি। শুধু মিরাজ নন, বাংলাদেশের আরো কয়েকজন ক্রিকেটারও রথ্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থানে। ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। লিটন দাস এগিয়েছেন ১০ ধাপ, এখন তার অবস্থান ৮২তম।