বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয় : ইরানি ক্রীড়ামন্ত্রী
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারে না বলে জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি গতকাল এ কথা বলেছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পর ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে চালানো ওই হামলার পর উপসাগরীয় অঞ্চলে ব্যাপক সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা যখন আমাদের নেতাকে হত্যা করেছে, তখন কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে।
ইরানের ক্রীড়ামন্ত্রী আরো বলেন, ‘আমাদের সন্তানরা নিরাপদ নয় এবং এমন পরিস্থিতিতে অংশগ্রহণের পরিবেশও নেই। গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাই সেখানে উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।’
এ দিকে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ যারা বিশ্বকাপে দল পাঠানোর এক প্রশ্নে বলেন, ‘যদি পরিস্থিতি এমন থাকে, তা হলে সুস্থ মস্তিষ্কের কেউ কি এমন জায়গায় জাতীয় দল পাঠাতে চাইবে?’
এ দিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফান্তিনো লিখেছেন, আলোচনার সময় ট্রাম্প পুনরায় বলেছেন যে, ইরানের জাতীয় দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে সম্পূর্ণভাবে স্বাগত। তিনি আরো বলেন, ‘এমন একটি সময় যখন বিশ্ব নানা সঙ্কটে বিভক্ত, তখন ফিফা বিশ্বকাপ মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে। ফুটবল বিশ্বের মানুষকে একত্র করার শক্তি রাখে।’
গত ডিসেম্বরের ড্র অনুযায়ী বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান ছিল গ্রুপ ‘জি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জেলেস এবং একটি ম্যাচ সিয়াটেলে ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতি বৈঠকেও ইরান অনুপস্থিত ছিল। এ বিষয়ে মন্তব্য জানার জন্য ফিফার সাথে যোগাযোগ করেছে রয়টার্স।