স্কুল টিফিনে অনিয়ম
পচা ডিম ও নিম্নমানের খাবারে শিক্ষার্থীদের অনীহা
Printed Edition
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত টিফিনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিম্নমানের খাবার, বিশেষ করে পচা ডিম ও মানহীন পাউরুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে টিফিন গ্রহণে অনীহা দেখা দিয়েছে।
উপজেলা সূত্রে জানা যায়, সরকারি এ কর্মসূচির আওতায় টিফিন সরবরাহের দায়িত্ব পেয়েছে একটি বেসরকারি সংস্থা (এনজিও) ‘গাক’। প্রতিদিন উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর মধ্যে সকাল ৯টার মধ্যে টিফিন বিতরণ করার কথা। তবে সীমিত জনবল নিয়ে এই বিশাল কার্যক্রম পরিচালনা করায় মান নিয়ন্ত্রণে ঘাটতি থাকছে বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পচা ডিম ও ছত্রাকধরা পাউরুটি দেখা যায়। শিক্ষকদের ভাষ্য, এ ধরনের নিম্নমানের খাবার মাঝেমধ্যে সরবরাহ করা হয়, ফলে শিক্ষার্থীরা তা খেতে চায় না। একই অভিযোগ করেছেন উত্তর রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক চৌধুরী। ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম জানান, একবার দুর্গন্ধযুক্ত প্রায় ৯৫টি ডিম ফেলে দিতে হয়েছে।
সহকারী শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কার্যকর সমাধান হয়নি।
এ বিষয়ে উপজেলা সরবরাহকারী কর্মকর্তা ইসরাক জাহান বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক টিফিন সরবরাহের কারণে প্রতিটি প্যাকেট পরীক্ষা করা সম্ভব হয় না। তবে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কয়েকটি বিদ্যালয় থেকে অভিযোগ এসেছে। ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।