চুয়াডাঙ্গায় পরিত্যক্ত কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি, তদন্তে পুলিশ
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতা দেখা গেছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন ও ভবনটি ‘অবমুক্ত’ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে পাঁচজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের হাতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার দেখা যায়। উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ভিডিওর একপর্যায়ে ইমদাদুল হক সজলকে পরিত্যক্ত কার্যালয়টি ‘অবমুক্ত’ ঘোষণা করতে শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আবার বুলডোজার দিয়ে ভাঙচুরে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় থাকলেও নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এটি একটি নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি, তাই ভিডিওটি যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।