অপরাধী যে দলের হোক কাউকে ছাড় দেয়া হবে না : বিমানমন্ত্রী
Printed Edition
মানিকগঞ্জ প্রতিনিধি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিগত ১৭ বছরের অন্ধকার যুগের অবসান হয়েছে। এখন সবাইকে মিলে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ও চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। সামাজিক মূল্যবোধ পুনরুদ্ধারে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
গত সোমবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাজীখালি নদী থেকে চন্দ্রখালি খাল পর্যন্ত পুনঃখনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারো এই উদ্যোগ নিয়েছেন।
সাটুরিয়া বাজারে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং স্থানীয় বিএনপি ও এনসিপি নেতৃবৃন্দ।