ইসিতে ৪.৫ কোটি টাকা নির্বাচনী খরচের হিসাব দিলো জামায়াত
Printed Edition
বিশেষ সংবাদদাতা
সম্প্রতি সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৫ জন প্রার্থীর নির্বাচনী খরচসহ দলের মোট ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। তাতে নির্বাচনে তাদের খরচ দেখানো হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, দলের নির্বাচনী খরচের হিসাব জমা দিতে সচিবের সাথে দেখা করতে গিয়েছিলাম।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থী অনুদান হিসেবে দিয়েছেন চার কোটি টাকা। যেখানে গড়ে প্রতি প্রার্থী দিয়েছে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা করে।
নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যে ব্যয়ের খাতগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। দলটির নির্বাচনী খরচের তালিকায় রয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর, স্টাফদের খরচ এবং আইসিসিতে বিজ্ঞাপন দেয়ার খরচ।
খাতওয়ারি ব্যয়ের বিবরণে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা এবং পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খরচ হিসেবে আরো দুই লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।