স্ত্রী সন্তান আমেরিকায় বাসা থেকে বৃদ্ধের পচনধরা লাশ উদ্ধার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্ত্রী ও মেয়ে থাকেন আমেরিকায়। ঘরে বৃদ্ধের পচনধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর খিলক্ষেত লেকসিটি এলাকার একটি ফ্ল্যাটের ড্রইং রুমে আব্দুর রশিদ নামে প্রায় ৬০ বছরের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের ধারণা, বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে বাসায় কেউ না থাকায় খবর পাওয়া যায়নি। শনিবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, স্ত্রী সন্তান আমেরিকায় থাকায় আব্দুর রশিদ একাই থাকতেন খিলক্ষেতের লেকসিটি এলাকার ওই ফ্ল্যাটে। নিজের কাজ নিজেই করতেন। এমনকি নিজেই রান্না করে খেতেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণেই কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাবার নাম ফারুক কবির বাদল। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায়।