সোনারগাঁওয়ে জয়নুল জন্মোৎসব শুরু আজ
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ ২৯ ডিসেম্বর সোমবার পাঁচ দিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু হচ্ছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। ফাউন্ডেশনের উপপরিচালক মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উৎসবে লোককারুশিল্প মেলা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে শিল্পচার্যের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হবে। মেলায় জামদানি, শীতল পাটি, শতরঞ্জি, নকশিকাঁথা, বাঁশ-বেত শিল্প, কাঠের হাতি-ঘোড়া, ঐতিহ্যবাহী রিকশা চিত্র, হাতপাখা, শখের হাঁড়িসহ নানা হস্তশিল্পের ১৭টি স্টল বসবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে বাংলাদেশের লোক কারুশিল্প বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন লোকজ মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।