চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নির্বাচনী দায়িত্বে থাকা সব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে পর্যাপ্ত পুলিশ ফোর্স ও মোবাইল টিম প্রদানের নির্দেশ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার শুধু আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ওপর ভিত্তি করে তদন্ত না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করেন। তিনি গ্রেফতারি পরোয়ানা জারি ও সাক্ষী উপস্থাপন বিষয়ে নিয়মিত এনইআর প্রেরণের নির্দেশ প্রদান করেন। তদন্ত প্রতিবেদনে পলাতক আসামির সম্পত্তির বিবরণ প্রদান, জব্দকৃত আলামতের মালিককে মামলার সাক্ষী কিংবা আসামি করা ও মেডিক্যাল অফিসারদের হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর উল্লেখ করারও নির্দেশ দেন। তিনি পিআরবির বিধি ২৮৩ অনুযায়ী মামলার আসামিকে আদালত চলাকালে উপস্থাপন করা এবং আসামিকে শনাক্ত করার জন্য টিআই প্যারেডের আয়োজন করারও নির্দেশ দেন। আদালতের চাহিত মতে জেলখানা থেকে আসামিদেরকে নিয়মিত উপস্থাপন না করা গেলে সে বিষয়ে সংশ্লিষ্ট আদালতে উপযুক্ত কারণ উল্লেখে প্রতিবেদন প্রদানের জন্য সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেন। তিনি নির্বাচনী দায়িত্বে থাকা সব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে পর্যাপ্ত পুলিশ ফোর্স, মোবাইল টিম প্রদানের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ফৌজদারি বিচারব্যবস্থায় বিচার প্রশাসন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ একে-অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংশ্লিষ্ট সব বিভাগকে একযোগে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিচার প্রার্থী মানুষের কল্যাণে কাজ করতে হবে।

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে গতকাল পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আদালতের সম্মেলন কক্ষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন- অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মহিদুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), চট্টগ্রাম সিটি করপোরেশন মো: সোয়েব খান, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ হামীমুন তানজীন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, মো: আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা ও মুহাম্মদ আবুল মনছুর এবং সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার।