বিশেষ অভিযান শুরু আজ

ডেঙ্গুঝুঁকিতে ঢাকা উত্তর সিটির ২৫ ওয়ার্ডের বাসিন্দারা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৫টি ওয়ার্ড চরম ডেঙ্গুঝুঁকিতে রয়েছে। সম্প্রতি ইনস্টিটিউট অব এপিডিমোলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এবং স্বাস্থ্য অধিদফতর পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর ক্রমবর্ধমান এ মশক নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণের অংশ হিসেবে আজ থেকে ‘শনিবারের অঙ্গীকার বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু করছে ডিএনসিসি। ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘শনিবারের অঙ্গীকার বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক মোট ৫৩টি ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ক্যাম্পেইনের আওতায় এডিস মশার সম্ভাব্য জন্মস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, র‌্যালি আয়োজন, লিফলেট বিতরণ, সচেতনতামূলক বার্তা প্রচার এবং গণযোগাযোগকার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেছেন, প্রতি শনিবার বিশেষ মশকনিধন অভিযান পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে আনুযায়ী আমরা ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য এ ক্যাম্পেইন শুরু করছি।

বর্ষা মৌসুম এলেই ঢাকাসহ সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি পায়। এডিস মশা মূলত বাসাবাড়ি ও আঙিনায় পড়ে থাকা বিভিন্ন ধরনের অব্যবহৃত বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে। বাসাবাড়ি, অফিস, কর্মক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা এবং বিভিন্ন পরিত্যক্ত পাত্রে জমা পানি এডিস মশার অন্যতম প্রধান উৎপত্তিস্থল। এবার সময়ের আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার এসব উৎপত্তিস্থল ধ্বংসে আগাম অভিযান শুরু করছে ডিএনসিসি।