দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক ফিরোজ আলমের দাফন সম্পন্ন

Printed Edition

ফেনী অফিস

ফেনী থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত ফেনীর প্রধান সম্পাদক, লেখক ও গবেষক ফিরোজ আলমের (৬১) নামাজে জানাজা শহরের বিরিঞ্চি, কদলগাজী রোডে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশে যাওয়ার পথে ফিরোজ আলম ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য ছিলেন।

পরিবেশ মন্ত্রীর শোক

সাংবাদিক গবেষক ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এক শোক বার্তায় তিনি বলেন, ফিরোজ আলম ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও গবেষক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।