সুদানে বিদ্রোহী আরএসএফের পাল্টা সরকার গঠন

বিবিসি
Printed Edition

সুদানে সামরিক সরকারের পাল্টায় বিকল্প সরকার গঠনের ঘোষণা দিয়েছে দুই বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া বিদ্রোহী গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। আধাসামরিক এই বাহিনীর নেতা মোহাম্মদ হামদান ‘হেমেদতি’ দাগালো বলেছেন, তারাই কেবল ‘সুদানের বাস্তবসম্মত ভবিষ্যৎ নির্মাণ’ করতে পারবেন। ক্ষমতার দ্বন্দ্বে দুই বছর আগে সামরিক বাহিনীর সাথে আরএসএফের যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, তা এরই মধ্যে উত্তর আফ্রিকার দেশটিতে বিশ্বের সর্ববৃহৎ মানবিক সঙ্কট সৃষ্টি করেছে। গৃহযুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে লন্ডনে উচ্চ-পর্যায়ের একটি সম্মেলনের মধ্যেই আরএসএফের এ পাল্টা সরকার গঠনের ঘোষণা এলো।

সুদানের দারফুরে সেনাবাহিনীর সাথে আরএসএফের এখনো তীব্র লড়াই চলছে। সেনাবাহিনী বলেছে, তারা আল-ফাশের শহরের বাইরে আরএসএফের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দুই পক্ষের এই লড়াইয়ের কারণে জমজম শরণার্থী শিবির থেকে লাখো মানুষ পালিয়ে অন্যত্র চলে গেছে।

“আমরা আধিপত্য চাই না, ঐক্য চাই। সুদানি পরিচয়ের ওপর কোনো গোষ্ঠী, অঞ্চল বা ধর্মের একচেটিয়া অধিকার নেই বলে আমরা বিশ্বাস করি,” সরকার গঠনের ঘোষণা দিয়ে টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলেন হেমেদতি। তিনি জানান, তার ‘শান্তি ও ঐক্যের’ সরকার কেবল আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকাতেই শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা নিশ্চিত করবে না, সমগ্র দেশেই এসব সুবিধা দেবে। সুদানের সেনাপ্রধান জেনারেল আগ্রুল ফাত্তাহ আল-বুরহানের সাথে আরএসএফের প্রধান জেনারেল হেমেদতির দ্বন্দ্বে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। দুই বছরের যুদ্ধ এরই মধ্যে দেশটির দেড় লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।