লুফথানসার ২০ হাজার ফ্লাইট বাতিল
Printed Edition
স্কাই নিউজ
ইরান সঙ্ঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে জার্মানির শীর্ষ বিমান সংস্থা লুফথানসা। খরচ কমাতে চলতি গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় ২০ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে ইউরোপজুড়ে তাদের স্বল্প দূরত্বের রুটগুলোতে বড় প্রভাব পড়বে।
মঙ্গলবার এক বিবৃতিতে লুফথানসা জানিয়েছে অক্টোবর পর্যন্ত এই কাটছাঁট কার্যকর থাকবে। অলাভজনক স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোই বাতিল করা হচ্ছে বিশেষ করে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে পরিচালিত রুটগুলোতে। তবে এই সিদ্ধান্তের ফলে মোট আসন সক্ষমতায় এক শতাংশেরও কম প্রভাব পড়বে বলে দাবি তাদের। একই সাথে এতে প্রায় ৪০ হাজার মেট্রিক টন জেট জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। প্রতিদিন প্রায় ১২০টি ফ্লাইট বাতিল করা হচ্ছে এবং যাত্রীদের আগেভাগেই বিষয়টি জানানো হয়েছে। ইতোমধ্যে এই সমন্বয়ের প্রথম ধাপ বাস্তবায়ন হয়েছে, যা মে মাসের শেষ পর্যন্ত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করছে। বর্তমান সূচি থেকে সাময়িকভাবে বাদ দেয়া হয়েছে তিনটি গন্তব্য- পোল্যান্ডের বিদগশ্চ ও রেজশোভ এবং নরওয়ের স্টাভেঙ্গার।