সিআইএমসির এমবিবিএস ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের (সিআইএমসি) এমবিবিএস ১৩তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা: এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডা: এ কে এম ফজলুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মেধাবীরাই আগামীর বিশ্ব নেতৃত্ব দেবে। জ্ঞান, দক্ষতা ও ন্যায়পরায়ণতা দিয়ে তোমাদের লাল-সবুজের পতাকাকে বিশ্বময় প্রতিনিধিত্ব করতে হবে। মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে তোমরা বহুদূর এগিয়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক মো: নুরুন্নবী বলেন, এই প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং পরকালীন কল্যাণের লক্ষ্যে একটি নৈতিকতা সমৃদ্ধ মানবিক চিকিৎসক তৈরির স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন সবুজ নবাগতদের স্বাগত জানিয়ে দেশপ্রেম ও মানবিকতায় উজ্জীবিত হয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশের চিকিৎসা খাতে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে তিনি কলেজের অ্যাকাডেমিক ও এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা: মো: টিপু সুলতান, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: আকরাম পারভেজ চৌধুরী এবং নার্সিং কলেজের অধ্যক্ষ ইলা দাশ। উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মুসলিনা আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী ও ডা: শাহানা বেগম শেলী।

উল্লেখ্য, ১৩তম ব্যাচে সর্বমোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিজ্ঞপ্তি।