দক্ষিণ আফ্রিকার সহজ জয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত প্রতাপে খেললেও সেমিফাইনালে এসে ধসে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল প্রোটিয়ারা। বিশ্বকাপ শেষে এবার দুই দলের শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে গতকাল কোনো লড়াই-ই করতে পারেনি টি-২০ বিশ্বকাপের রানার্সআপরা। আগে ব্যাটিংয়ে নেমে ১৪.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় মিচেল স্যান্টনারের দল। লক্ষ্য তাড়ায় সাত উইকেটের সহজ জয়ে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের নকআউট পর্বে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। পাওয়ার প্লেতেই ৩৬ রান তুলতে হারায় পাঁচ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান ছিল জেমস নিশামের। এ ছাড়া ১৫ রান করে করেন মিচেল স্যান্ডনার ও কোল ম্যাককনচি। কিউই ইনিংসে ধস নামাতে ভূমিকা রেখে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডান হাতি ফাস্ট বোলার নকোবানি মোকোয়েনা।