চট্টগ্রামে সিরিজ নির্ধারণ আজ

Printed Edition
khela-1
অনুশীলনে বাংলাদেশ দলের পেস বোলারদের সাথে কোচ ফিল সিমন্স : নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১-এ সমতা। জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এনিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এদিকে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি ১০ শতাংশ জরিমানা করা হয় বাংলাদেশকে।

মাঠে ঘাসের রঙ প্রায় হারিয়েই গেছে। বেশির ভাগ অংশ থেকেই মিলিয়ে গেছে সবুজাভ। কোথাও ধূসর, কোথাও বাদামি। আউটফিল্ডের চেয়ে বরং মধ্যের উইকেটগুলোই বেশি সবুজ। মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু বললেন, ‘গত দুই সপ্তাহে পানি পেয়েছি বলে তবু মাঠের চেহারা একটু ভালো, এর আগে তো আরো বাজে চেহারা ছিল আউটফিল্ডের।’

বাংলাদেশের অন্য টেস্ট ভেনুগুলোতে নিজস্ব পানির ব্যবস্থা থাকলেও ব্যতিক্রম চট্টগ্রামের স্টেডিয়াম। সমুদ্রের খুব কাছে বলে সাধারণ পাম্প দিয়ে পানি তুললে এখানে লোনাপানি ওঠে বেশি। সেই পানি মাঠের জন্য ক্ষতিকর। ঘাস বাঁচাতে আর মাঠ সবুজ রাখতে এখানে ব্যবহার করতে হয় মিঠা পানি। চট্টগ্রাম ওয়াসা থেকে পানি কিনে জোগান মেটানো হয়। মাঠের জন্য প্রতিদিন লাখ লাখ লিটার পানি তারা সরবাহ করবে কীভাবে! তাই গত বছর চট্টগ্রাম ওয়াসার কাছে ডিপ টিউবওয়েল বসানোর অনুমতি চায় বিসিবি। সেই অনুমতিও মিলেছে। টিউবওয়েল বসানোর খরচ নিয়ে বেশ কিছু দিনের টানাপড়েনের পর অবশেষে কাজ শুরু হয়েছে। আপাতদৃষ্টিতে এই সিরিজে হয়তো সুফল পাবে না। তাই ধূসর মাঠেই খেলতে হবে এই বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজটি।

নিউজিল্যান্ড বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স থেকেও আত্মবিশ্বাস নিতে পারে। তারা ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল, যা ২০০৮ সালের পর এই দেশে তাদের প্রথম সিরিজ জয়। এতে প্রমাণ হয় যে উপমহাদেশের কন্ডিশনেও তারা ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এ পর্যন্ত দুই দলের ৪৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড ৩৫টিতে জিতেছে। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, আর একটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে। প্রথাম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

তবে তৃতীয় ওয়ানডের জন্য তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে যে, তরুণ পেসার নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতে দলীয় ম্যানেজমেন্ট তাকে বিশ্রাম দিয়ে তানজিমকে খেলাতে পারে।

বোলিং কোচ শন টেইট

দূর থেকে আউটফিল্ড যতটা দৃষ্টিকটু, কাছে গেলে অবশ্য ততটা লাগে না। বাংলাদেশের বোলিং কোচ শন টেইট প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে আউটফিল্ডে ঝুঁকি বা বিপদের শঙ্কা তেমন দেখছেন না তিনি। এমনিতে এই মাঠের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। এবারও সেরকমই হবে বলে মনে করছেন বোলিং কোচ শন টেইট। ‘উইকেট ভালোই মনে হচ্ছে। কিন্তু ঠিক কী রকম আচরণ করবে, তা বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের কথা বললে, এটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো একটি পিচ এবং কখনো কখরনা বল কিছুটা নিচুও থাকে; কিন্তু আমি উইকেটটা নিয়ে খুব বেশি কিছু ভাবতে চাই না। ভালো একটি জয় নিয়ে আমরা খেলতে নামছি। এটা আন্তর্জাতিক ক্রিকেট, সামনে যেটাই পাই, পিচ যেমনই হোক, নিজেদের কাজ করতে হবে আমাদের। এখানে আমার ১২ মাসের অভিজ্ঞতায়, চট্টগ্রামে দেখা সেরা উইকেটগুলোর একটি মনে হচ্ছে।’

কিউই পেসার উইল ও‘রুকি

নিউজিল্যান্ড দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার উইল ও’রুকি বলেন, দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হাতছাড়া করার পর তার দল সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে, ‘আউটফিল্ডটা শুষ্ক দেখাচ্ছে এবং সম্ভবত বেশ দ্রুতও হবে। উইকেটে কিছুটা ঘাস আছে বলেও মনে হচ্ছে, তাই আশা করছি সেখানে কিছুটা গতি ও বাউন্স থাকবে। আমরা শিগগিরই বুঝতে পারব, তবে আমাদের ফিল্ডিং নিয়ে গর্ব করি এবং সেরা পারফরম্যান্স দেয়ার চেষ্টা করব।’

তিনি যোগ করেন, ‘অনেক দিন ধরেই এই সফরের প্ল্যান করছিলাম। প্রথমবার বাংলাদেশে এসে দারুণ উপভোগ করছি। গত দুই ম্যাচের পিচ ভালোই ছিল। এখানে অসম বাউন্স আছে কিছুটা। আমাদের চেষ্টা থাকে উইকেটে যতটা জোরে সম্ভব হিট করে বাউন্স কাজে লাগানো। প্রত্যাশা করেছি পেস উইকেট হবে। কারণ তাদের এখন বেশ ভালো কিছু পেসার রয়েছে। অনেকেই বিশ্বমানের পেসার। অন্যদের মধ্যে মোস্তাফিজও চোখ রাঙাচ্ছে।’