গোমস্তাপুরে তেল মজুদ করায় ফিলিং স্টেশনকে জরিমানা

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সঙ্কট তৈরি করে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখে। কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় স্টোরেজ যাচাই করা হলে মজুদের বিষয়টি ধরা পড়ে। পাম্পটিতে বিক্রয় বন্ধ রাখা হলেও ভূগর্ভস্থ ট্যাংকে ৩,২৬৯ লিটার পেট্রোল মজুদ ছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা এবং তেলের কৃত্রিম সঙ্কট তৈরি করা আইনের পরিপন্থী। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।