ইউক্রেনে আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
Printed Edition
রয়টার্স
রুশ সেনারা ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের রিচনে ও টেরনুভেট এবং পূর্ব ডোনেটস্ক অঞ্চলের বেরেস্টক গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে গেছে। তবে রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের এ ধরনের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ দিকে ইউক্রেনে চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে রাজধানী কিয়েভসহ অন্য প্রধান শহরগুলোতে এক সপ্তাহ কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর জানিয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ যখন প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় কাটাচ্ছেন, তখন ট্রাম্প এ ঘোষণা দিলেন।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ এবং অন্যান্য শহরে এক সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন।’ ইউক্রেনে তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের অনেক নিচে (মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।