লালপুরে মিটার চুরির হিড়িক চিরকুটে টাকা দাবি

Printed Edition

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুরে শিল্প ও বাণিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। গত দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার চুরির পর দুর্বৃত্তরা সেখানে একটি মোবাইল নম্বরসংবলিত চিরকুট রেখে যাচ্ছে, যেখানে যোগাযোগ করলে মিটারপ্রতি ছয় হাজার টাকা দাবি করা হচ্ছে।

লালপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ও থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ রাতে লালপুর কলেজ মোড়ের ইছার উদ্দিন মণ্ডল এবং লালপুর বাজারের দুলাল মণ্ডল, শাজাহান আলী সরকার, মাজদার রহমান ও রইস উদ্দিনের মালিকানাধীন ৫টি ‘থ্রি-ফেজ’ মিটার চুরি হয়। এরপর ১১ মার্চ রাতে দক্ষিণ লালপুর ও কলসনগর গ্রাম থেকে আরো দু’টি মিটার নিয়ে যায় চোরচক্র। এ ছাড়া আরো দু’টি মিটার চুরির মৌখিক অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওয়ার্কশপ মালিক দুলাল মণ্ডল বলেন, ৯ মার্চ রাতে দোকানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে গিয়ে দেখি মিটার নেই। সেখানে একটি মোবাইল নম্বর লেখা চিরকুট পড়ে আছে। ওই নম্বরে কল দিলে মিটার ফেরত দেয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। বিদ্যুৎ না থাকায় এখন ব্যবসা বন্ধ, অনেক ক্ষতি হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগীরা পল্লী বিদ্যুৎ অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম ব্যাপারী জানান, মিটার চুরির অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। চুরি রোধে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরচক্রকে শনাক্ত করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।