টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলেসহ ৫ জন নিহত

Printed Edition

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গরে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার ভোররাত ৪টা নাগাদ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পুরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২) ও নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫) এবং একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা আক্তার (২৩)। তারা ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। বাসের যাত্রীরা বেশির ভাগই পোশাক কারখানার কর্মী ছিলেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি বাসের তেল শেষ হয়ে গেলে সেখানে বাস রেখে চালক ও হেলপার তেলের জন্য এলেঙ্গাতে যান। তখন কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। কেউ কেউ রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন আবার কেউ মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।