চট্টগ্রামে জামায়াতের অর্থায়নে বির্জাখাল খনন শুরু

জলাবদ্ধতা নিরসনের উদ্যোগকে স্বাগত জানালেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো
Printed Edition
3rd-3
চট্টগ্রামে বির্জাখাল খননের প্রাক্কালে মুনাজাত করা হয় : নয়া দিগন্ত

‘সবার সহযোগিতায় বির্জাখাল পাবে প্রাণ’ এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর দুঃখ খ্যাত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বির্জাখাল খনন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ইছহাকেরপুল এলাকার অছি মিয়া দোস্ত ভবনের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। মেয়র বলেন, শপথ নেয়ার পর থেকে জলাবদ্ধতা নিরসনে আমি মনে করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরী কারো একার শহর নয়। এ শহরের প্রতি সবার ভালোবাসা থাকতে হবে। জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগের জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বাগত জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের উন্নয়নে সিটি করপোরেশনকে আমরা সর্বোচ্চ সহায়তা করব। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, আমাদের কয়েকটা বাজারের দায়িত্ব দিন। সেই বাজারগুলোকে জামায়াতে ইসলামীর কর্মীরা চায়নার শহরের মতো সুন্দর বাজার উপহার দিবে। পাশাপাশি ১০টি স্কুলের কাজ করার সুযোগ দিন। সেগুলোর আঙ্গিনাসহ আশপাশের এলাকা জামায়াতের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে ইনশা আল্লাহ।

চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক, অধক্ষ্য শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, নায়েবে আমির আবুল মনসুর, সেক্রেটারি নুর আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কাজী হাসান বিন শামস্, ইঞ্জিনিয়ার ফাহমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আমির হোসাইন, আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট ব্যাংকার এয়াকুব আলী, কোতোয়ালী থানা নায়েবে আমির অধ্যাপক আবদুজ্জাহের, চকবাজার থানার নায়েবে আমির আবদুল হান্নান, কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ ও কোতোয়ালী থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ।