এবার সিঙ্গাপুরে ফ্লাইট অবতরণের পরই বিমানের বোয়িংয়ে যান্ত্রিক ত্রুটি
মেরামত শেষে অন্য উড়োজাহাজ দিয়ে চেন্নাই ফ্লাইট
প্রকৌশলীরা ত্রুটি সেরে এয়ারক্রাফটটি সচল করেন। এরপর নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বিলম্বে আবারো এয়ারক্রাফটটি সচল করা হয়।
Printed Edition
ব্যাংককগামী ফ্লাইটে যান্ত্রিক ক্রটি দেখা দেয়ার দু’দিন পরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইটে এবার ক্রটি ধরা পড়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরে ফ্লাইট অবতরণের পরই বিমানের (বোয়িং-৭৩৭) ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রকৌশলীরা ত্রুটি সেরে এয়ারক্রাফটটি সচল করেন। এরপর নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বিলম্বে আবারো এয়ারক্রাফটটি সচল করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৮টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বোয়িং-৭৩৭ (মাইক-এএফএম) সিঙ্গাপুরের উদ্দেশ ছেড়ে যায় এবং নির্ধারিত (বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে) সিঙ্গাপুরের চাংগি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাইলট ফ্লাইট অবতরণ করানোর কিছুক্ষণ পর পরই জানানো হয় এয়ারক্রাফটে ত্রুটি ধরা পড়েছে। এরপরই টেকনিক্যাল ঘোষণা করা হয়। এমন সংবাদ শোনার পর ওই বিমানবন্দরে অবস্থানরত ঢাকাগামী যাত্রীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দেয়। স্থানীয় প্রকৌশলীরা এয়ারক্রাফটটি সচল করতে মেরামত শুরু করেন। একটানা তিন ঘণ্টা কাজ করার পর এয়ারক্রাফটটি আবার সচল হয়। এরপরই বিমানটি পুশ করা শুরু হয়।
গতকাল সন্ধ্যার আগে বিমানের বলাকা ভবন সংশ্লিষ্টরা নয়া দিগন্তকে জানান, সিঙ্গাপুরে গ্রাউন্ডেড হওয়া বিমানের বোয়িং-৭৩৭ টেকনিক্যাল হওয়ার তিন ঘণ্টা পর সচল হয়েছে। ওই ফ্লাইটটি গতকালই সিঙ্গাপুর থেকে ছেড়ে রাত ৯টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে। কী ধরনের সমস্যা হয়েছিল জানতে চাইলে তারা বলেন, এ ব্যাপারে এখনো কোনো তথ্য কর্তৃপক্ষের তরফ থেকে সংশ্লিষ্টদের জানানো হয়নি। এক প্রশ্নের উত্তরে তারা বলেন, বিমানের ‘গলার কাটা’ (লিজের পর কেনা) বোয়িং-৭৩৭ দু’টি নিয়ে বিমানের এমডি, পরিচালক প্রকৌশলীসহ ঊর্র্ধ্বতন কর্মকর্তারা খুবই বিব্রত অবস্থায় আছেন। এভাবে চলতে থাকলে বিমান থেকে যাত্রীরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করবে। কারণ কে চাইবে জীবনের ঝুকি নিয়ে ট্রাভেল করতে ?
উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ ছেড়ে যাওয়া বিমানের বোয়িং-৭৩৭-৮০০, এএফএল লিমা) মধ্য আকাশে প্রেসারাইজেশন সমস্যায় পড়ে। পাইলট ঝুঁকি না নিয়ে মিয়ানমানের আকাশ থেকেই বিমানটি ঘুরিয়ে ঢাকায় ফিরে অবতরণ করান। নেয়া হয় হ্যাংগারে। গতকাল এ এয়ারক্রাফটের বিষয়ে প্রকৌশল বিভাগের দায়িত্বশীলদের কাছে জানতে চাইলে তারা নয়া দিগন্তকে বলেন, মেইনটেনেন্স শেষে এয়ারক্রাফটটি উড়ার জন্য আবারো প্রকৌশল বিভাগ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। গতকাল শনিবার যাত্রী নিয়ে সকালে চেন্নাই গিয়ে আবার ঢাকায় ফিরে আসে। শিডিউল অনুযায়ী গতকাল শনিবার রাত ৮টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এভিয়েশন বিশেষজ্ঞরা এ দু’টি ৭৩৭-৮০০ মডেলের বোয়িং উড়োজাহাজ বহর থেকে বিদায় করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু বিমান কর্তৃপক্ষ ‘জোড়াতালি’ দিয়ে বার বার ফ্লাইট পরিচালনা করছেন। এমনটি অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।