উপস্থাপনা ও মডেলিংয়ে আলোকিত অর্চি
Printed Edition
বিনোদন প্রতিবেদক
অর্চি রহমান বাংলাদেশের এই প্রজন্মের নন্দিত একজন উপস্থাপিকা ও মডেল। রাজধানীর আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে স্থাপত্য বিদ্যায় পড়াশোনা শেষ করে যদিও বা তিনি একসময় চাকরি করতেন, কিন্তু উপস্থাপনার প্রতি ভীষণ ভালোলাগার কারণে সেই চাকরিতে আর থাকেননি। নিজেকে দিনে দিনে ব্যস্ত করে তুলেন উপস্থাপনায়। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ শুরু করেন। ২০১৩ সালে উপস্থাপনা তিনি পুরোদমে শুরু করেন চ্যানেল টোয়েন্টিফোরে। তখন তিনি এন্টারটেইনমেন্ট টোয়েন্টিফোর ও লাইফস্টাইল টোয়েন্টিফোর নামের দুটো অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। বিটিভিতেও সেই সময় বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ২০১৬ সালে তিনি এসএটিভির সেলিব্রেটি টকশো ‘বেলা শেষে’র উপস্থাপনা করেছেন। যার পরবর্তীতে নাম রাখা হয় ‘গল্প কথা’। ২০১৭-১৮ সাল পর্যন্ত চ্যানেল টোয়েন্টিফোরে কাজ শেষে সিদ্ধান্ত নিলেন ফ্রিল্যান্সার হিসেবেই তিনি কাজ করবেন। এরপর শুরু হলো উপস্থাপিকা হিসেবে তার নতুন পথচলা, নতুন দিগন্ত। নতুন এই পথচলায় যুদ্ধ করে নিজের মেধা দিয়ে উপস্থাপনা জগতে নিজেকে আলোকিত করে তুললেন। বিভিন্ন টিভি শো, স্টেজ শোর নিয়মিত আস্থার একজন উপস্থাপিকায় পরিণত করলেন নিজেকে। অর্চিকে বিজ্ঞাপনে মডেল হিসেবেও উপস্থাপন করে পেয়েছেন দর্শকের ভালোবাসা। অমিতাভ রেজা চৌধুরী, আশফাক উজ জামান বিপুলসহ আরো বেশ কয়েকজন গুণী নির্মাতার নির্দেশনায় তিনি মডেল হিসেবে কাজ করেছেন। মাছরাঙা টিভির প্রতিদিনের অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’ উপস্থাপনা করেন তিনি। মাঝে মধ্যে একই চ্যানেলের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি।