ঢাকা এলেন ইয়াহিয়া খান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে ঢাকা আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তার সাথে ছিলেন আরো কয়েকজন উচ্চপদস্থ জেনারেল। তাদের মধ্যে ছিলেন জেনারেল খাদেম হোসেন রাজা, জেনারেল হামিদ খান, জেনারেল খোদাদাদ খান, জেনারেল মিঠঠা খান, জেনারেল পীরজাদা, জেনারেল ওমর, এম এম আহমদ, জি ডব্লিউ চৌধুরী প্রমুখ। তাদের আগমনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী জনতা।

ওই সময় পূর্বপাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করেন। ওই বিবৃতিতে বলা হয়, এটি বড় দুঃখজনক, কিছু অবিবেচক মানুষ সামরিক আইন জারি করে বেসামরিক কর্মচারীদের একাংশকে ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। কিন্তু এ দেশের মানুষ সামরিক আইনের কাছে কখনো মাথানত করবে না। সেজন্য মুক্তিকামী মানুষের মধ্যে ঐক্যবদ্ধতাও রয়েছে। সামরিক আইন জারি করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্পৃহাকে দমানো যাবে না। আমাদের কেউ পরাভূত করতে পারবে না। কারণ প্রয়োজনে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত রয়েছি।

স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এক বিশাল সমাবেশের আয়োজন করে আজকের এই দিনে। সমাবেশে বাংলাদেশ রক্ষার জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত থাকার জন্য সব নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়। আ স ম আবদুর রব ঘোষণা করেন, বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের ওপর সামরিক বিধি জারি করার ক্ষমতা কারো নাই। সমাবেশে শাহজাহান সিরাজ বলেন, প্রতিপক্ষ এখনো নিশ্চুপ রয়েছে। তবে চরম আঘাত হানার জন্য অপেক্ষা করবে।